Print Date & Time : 23 October 2026 Friday 04:44 pm

পিতাকে হত্যার দায়ে পুত্রের কারাদণ্ড

image

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পিতা ইসমাইল কাজীকে নৃশংসভাবে হত্যার দায়ে পুত্র আলিম কাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ বিচারিক আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালের এই আলোচিত হত্যাকাণ্ডের রায়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের সদস্যরা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন। 

মঙ্গলবার (১৪ জুলাই) গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন।

বিচার চলাকালে মামলার সাক্ষীদের সাক্ষ্য, জব্দকৃত আলামত এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আলিম কাজীকে দোষী সাব্যস্ত করেন। রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আবুল খায়ের জানান, মামলার সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে বলে তিনি জানান। 

এদিকে আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোঃ আবু তালেব বলেন, তারা আসামীর সাথে আলোচনা করে উচ্চ আদালতে আপিল করবেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় পারিবারিক বিরোধের জেরে আলিম কাজী ধারালো বটি দিয়ে তার বাবা ইসমাইল কাজীর ওপর হামলা চালায়। একপর্যায়ে তিনি ইসমাইল কাজীর গলা কেটে ফেলে। এতে ঘটনাস্থলেই ইসমাইল কাজীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আলিম কাজীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

—জা. অর্থনীতি/এলএটি