Print Date & Time : 28 October 2026 Wednesday 05:13 am

দেশে বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৪

image

অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সাত জেলায় দেড় লাখের বেশি পরিবার পানিবন্দি এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১ জন।

সোমবার (১৩ জুলাই) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। সেখানে ৩১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৮ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

দুর্গত মানুষের জন্য সাত জেলায় ১ হাজার ৪৯টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৩৮ হাজার ৪২২ জন। এর মধ্যে চট্টগ্রামে ৪১৫টি আশ্রয়কেন্দ্রে ১৬ হাজার ৮২১ জন আশ্রয় নিয়েছেন।

ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে সরকার এ পর্যন্ত বন্যাকবলিত জেলাগুলোর জন্য ৮ হাজার ৯৫০ টন চাল এবং ৪ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি শুকনো খাবার ও অন্যান্য জরুরি সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রাঙামাটি ও বান্দরবানের জন্য ২০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

জা.অর্থনীতি/এসআই