অনলাইন ডেস্ক: রাজধানীতে টানা বৃষ্টির কারণে আজও জনজীবনে ভোগান্তি অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ছাতা মাথায়, প্যান্ট গুটিয়ে কাদা-পানি মাড়িয়ে অফিস ও জরুরি কাজে বের হতে হচ্ছে নগরবাসীকে।
গতকালের ভারী বৃষ্টিতে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মোহাম্মদপুর, বাড্ডা, মালিবাগ, শান্তিনগর, আগারগাঁও, ফার্মগেট, শনির আখড়া, ধানমন্ডি, মিরপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। অনেক এলাকায় আজও পানি জমে রয়েছে।
বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় বাসগুলোতে অতিরিক্ত ভিড় দেখা গেছে। বাধ্য হয়ে অনেক যাত্রী রিকশা ও সিএনজি অটোরিকশায় উঠছেন। তবে এ সুযোগে এসব যানবাহনের ভাড়া কয়েকগুণ বেড়ে যাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
রাজধানীর রামপুরা থেকে পল্টনে যাওয়া এক চাকরিজীবী জানান, বৃষ্টির কারণে বাস কম থাকায় অতিরিক্ত ভাড়ায় সিএনজি বা রিকশায় যেতে হচ্ছে। অন্যদিকে চালকরা বলছেন, বৃষ্টির মধ্যে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ এবং জলাবদ্ধতায় গাড়ির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকায় বেশি ভাড়া নিতে হচ্ছে।
আবহাওয়া পরিস্থিতির কারণে রাজধানীতে দুর্ভোগ আরও কিছু সময় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জা.অর্থনীতি/এসআই