Print Date & Time : 07 November 2026 Saturday 03:10 pm

৪১৬ বছরপূর্তিতে ১ আগস্ট 'ঢাকা উৎসব'

image

নিজস্ব প্রতিবেদক: ‎‘হৃদয়ে ঢাকা’ স্লোগানকে ধারণ করে ঢাকার ৪১৬ বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ঢাকা উৎসব’।

‎সোমবার (১৩ জুলাই) রাজধানীর নগরভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

এ সময় ঢাকাকে একটি পরিচ্ছন্ন, ঐতিহ্যসমৃদ্ধ ও নাগরিকবান্ধব মহানগর হিসেবে গড়ে তুলতে "হৃদয়ে ঢাকা" নামে একটি সমন্বিত কর্মসূচি আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবনা অনুযায়ী, প্রতি বছর ১ আগস্ট ঢাকা দিবস উপলক্ষে হবে শোভাযাত্রা, কার্নিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, হেরিটেজ ওয়াক, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, হেরিটেজ ম্যারাথন, সাইকেল র‍্যালি, আদি ঢাকা ফুড ফেস্টিভ্যাল, আর্ট ক্যাম্প, ক্লিন ঢাকা, গ্রীন ঢাকাসহ নানা আয়োজন।

‎চলতি বছরের ‘ঢাকা উৎসব’-এর ৮ দিনের কর্মসূচি ঘোষণা দিয়ে প্রশাসক বলেন, উৎসবের কর্মসূচি শুরু হবে ৩১ জুলাই থেকে। ১ আগস্ট তথা উৎসবের দ্বিতীয় দিন বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান হবে লালবাগ কেল্লা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

'হৃদয়ে ঢাকা'কে প্রতিবছর আয়োজনযোগ্য একটি নাগরিক উৎসবে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা।

উদ্যোক্তাদের মতে, এই কর্মসূচির মাধ্যমে নাগরিকদের শহরের প্রতি দায়িত্ববোধ ও মালিকানার অনুভূতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি নগর পর্যটনের বিকাশ, স্থানীয় অর্থনীতির গতি বৃদ্ধি, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার ইতিবাচক ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

—জা. অর্থনীতি/এনজে