Print Date & Time : 08 November 2026 Sunday 02:09 am

সীমান্তে ৩ নারীকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

image

লালমনিরহাট প্রতিনিধি: সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশ ইনের জন্য জড়ো করা ৩ জন ভারতীয় নারীকে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি) কারিমুল ইসলাম ৩ নারীকে বিএসএফ ফেরত নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (১১ জুলাই) ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর সীমান্তের বাংলাদেশ অংশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার করেছে। বিপরীতে ভারতীয় অংশেও বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করে অবস্থান নিয়েছে। 

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘড়িয়া গ্রামের প্রধান পিলার ৮৩৪-এর ১ নম্বর উপপিলারের বিপরীতে ভারতের মেখলিগঞ্জ থানার গোলাপাড়া সীমান্তের কাঁটাতারের বেড়াসংলগ্ন লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এ সময় পুশ ইনের জন্য আনা ৩ নারীকে শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে স্থানীয়দের সহায়তায় ওই নারীদের পুনরায় ভারতের শূন্যরেখায় ফেরত পাঠানো হলে তারা প্রায় ২২ ঘণ্টা খোলা আকাশের নিচে অবস্থান করেছিলেন।

ঘটনার পর শনিবার বেলা ১টায় সীমান্তের প্রধান পিলার ৮৩৩-এর ৮ নম্বর উপপিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে এক টহল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খরখড়িয়া বিএসএফ ক্যাম্পের কমান্ড্যান্ট এবং বিজিবির ধবলসূতি ক্যাম্পের নায়েব সুবেদার জুবায়ের হোসেনসহ উভয় পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

এডি জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির কড়া নজরদারি অব্যাহত রয়েছে। 

—জা. অর্থনীতি/এলএটি