Print Date & Time : 28 October 2026 Wednesday 07:21 am

চট্টগ্রামে বৃষ্টি ও পাহাড় ধসে ১৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত দেড় লাখ পরিবার

image

নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার ১৬টি উপজেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় প্রায় ১ লাখ ৪৯ হাজার ৫০০ পরিবার এবং প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৫৮০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে প্রায় ২৯ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, দুর্গতদের সহায়তায় ১৯০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জেলা পর্যায়ে আরও ৮৫ লাখ টাকা মজুত রয়েছে।

এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে ৬০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩৯ হাজার ২৫০ প্যাকেট শুকনা খাবার এবং ১৫ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

এদিকে, চলমান দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে বর্তমানে ৪৯০ মেট্রিক টন চাল ও ২৫ লাখ টাকা মজুত রয়েছে। উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

—জা. অর্থনীতি/এনজে