Print Date & Time : 08 November 2026 Sunday 05:45 am

মৈত্রী এক্সপ্রেস ফের চালুর উদ্যোগ, প্রস্তুতি শুরু ভারতের

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর উদ্যোগ শুরু হয়েছে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের অনুরোধের পর ভারতীয় রেল মন্ত্রণালয় ট্রেনটি চালুর প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

ভারতীয় রেল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সরকারের রেল-সংক্রান্ত উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পাঠানো অনুরোধের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আগের সূচি অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন ট্রেনটি চালুর পরিকল্পনা রয়েছে।

তবে পরিষেবা পুনরায় চালুর আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত ব্যবস্থাপনা ও বিদেশি বিভাগ এবং কাস্টমস কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। পাশাপাশি প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে রেল বোর্ডকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট অস্থিরতার পর ১৯ জুলাই থেকে মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ রয়েছে। এরপর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও বর্তমানে ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। অনুমোদন মিললেই কলকাতা-ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেস আবার চলাচল শুরু করতে পারে।

সূত্র: আনন্দবাজার

জা.অর্থনীতি/এসআই