Print Date & Time : 07 November 2026 Saturday 06:07 pm

মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নকর্মী হত্যা, গ্রেপ্তার ৫

image

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নকর্মী ববি বেগম (৭০) হত্যা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

 শুক্রবার (১০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় বিষয়টি জানানো হয়। 

তিনি জানান, ভৈরব রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে ডিবি পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথ দল নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— রিফাত, সাকিব আহমেদ, দ্বীন ইসলাম, বিল্লাল হোসেন ও ইলিয়াছ মিয়া। এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ৪ জুলাই রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে কর্মরত অসহায় ও বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের ওপর দুর্বৃত্তরা বর্বরোচিত হামলা চালায় এবং তার সারাজীবনের জমানো টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে এবং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার পাশে দাঁড়ায়। তবে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা ববি বেগম শেষ পর্যন্ত গত ৭ জুলাই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই বৃদ্ধার কোনো আত্মীয়-স্বজন না থাকায় মেথিকান্দা রেলওয়ে কবরস্থানেই তাকে দাফন করা হয়।

এদিকে, ঘরবাড়ি ও স্বজনহীন ববি বেগমের মৃত্যুর খবরে পুরো রায়পুরা উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। আজ পুলিশের পক্ষ থেকে ৫ জন আসামিকে গ্রেপ্তারের খবর আসার পর স্থানীয় সচেতন নাগরিক ও সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

 —জা. অর্থনীতি/এলএটি