Print Date & Time : 07 November 2026 Saturday 11:41 am

খাগড়াছড়িতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

image

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার ২৪ মাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি, কলেজের বিপরীত দিকে প্রায় দেড় কিলোমিটার ভেতরের একটি নির্জন স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। তবে দীর্ঘ সময় পার হওয়ায় এবং বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।"

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

 —জা. অর্থনীতি/এলএটি