লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নদী ভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে পুনর্বাসনের জন্য চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
জানা গেছে, নদী ভাঙন, অগ্নিকাণ্ড ও ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ অর্থ ও ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়। এরই অংশ হিসেবে উপজেলার ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেকটিকে এক বান করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এইচএম মাজহানুর রহমানসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, "দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। এই সহায়তা তাদের সাময়িক কষ্ট লাঘব করে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।"
—জা. অর্থনীতি/এলএটি