Print Date & Time : 08 November 2026 Sunday 05:24 am

জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে

image

নোয়াখালী প্রতিনিধি: জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দেশে চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।"

শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালীর সুপার মার্কেটের সামনে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন। তখন ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল। কিন্তু এবার আমরা নতুন ধরনের মেকানিজম দেখলাম। এবারও ভোট চুরি হয়েছে, তবে ফল প্রকাশের পরে। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে ছিল, কিন্তু বিএনপি সেই ভোট চুরি করে ফেলেছে। জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, সেটা ভোটের ফল প্রকাশের আগে; আর জুলাইয়ের পরেও ভোট চুরি থেকে গেছে, সেটা দিনের আলোতে ফল প্রকাশের পরে হয়েছে।"

এর আগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা-২০২৬’-এ অংশ নেন এনসিপি নেতারা। পদযাত্রাটি জেলা শহরের মফিজ প্লাজার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 —জা. অর্থনীতি/এলএটি