Print Date & Time : 27 October 2026 Tuesday 05:50 am

চুয়াডাঙ্গায় নিখোঁজের সাড়ে ৭ ঘণ্টা পর কিশোরের নিথর দেহ উদ্ধার

image

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর মোহাম্মদ সাইম (১৫) নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রের নিথর দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করছেন।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলার কাদিপুর মরাগাং বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইম দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সে নতুন বাস্তপুর গ্রামের বুদো বিশ্বাসের নাতি ও মো. শরিফুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে চাচাদের সাথে শামরার মাঠে মাছ ধরতে গিয়েছিল সাইম। দুপুরের দিকে বিলের পানিতে নামলে এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না মেলায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল থেকে একটানা প্রায় দেড় ঘণ্টা উদ্ধার তৎপরতা চালানোর পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরাগাং বিলের ভেতর থেকে সাইমের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।

এদিকে ঘটনার পরপরই দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওসি নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পারিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মাসহ স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। মেধাবী এই শিক্ষার্থীর এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 —জা. অর্থনীতি/এলএটি