Print Date & Time : 07 November 2026 Saturday 05:36 pm

আমাদের লড়াই হলো ভালো-মন্দের লড়াই: সারজিস আলম

image

পাবনা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাধারণ মানুষকে নিজেদের মন, মগজ ও বিবেকবোধ বিসর্জন না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “সবার আগে সিস্টেমের পরিবর্তন লাগবে। আমাদের লড়াই হলো ভালো-মন্দের লড়াই, জালিম-মজলুমের লড়াই, ন্যায়-অন্যায়ের লড়াই। কারা চাঁদাবাজি করে, কারা মাদক ব্যবসাকে শেল্টার দিচ্ছে, কারা অন্যায় করছে—সেটা ভেবেচিন্তে ভালোর পক্ষে ভোট দিতে হবে।”

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পাবনার চাটমোহর উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটি পাবনা জেলা শাখার আয়োজনে এবং এনসিপি পাবনা জেলা শাখার আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন লেবুর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশের বিদ্যমান ব্যবস্থার সমালোচনা করে সারজিস আলম বলেন, “বাংলাদেশের বর্তমান সিস্টেমে সাধারণ মানুষ কোনো সুবিধা পায় না। প্রত্যেক জায়গায় দালাল ধরতে হয়, টাকা দিতে হয় কিংবা কাউকে দিয়ে ফোন করিয়ে সুবিধা পেতে হয়। এটা স্বাধীন, সার্বভৌম ও কল্যাণকর রাষ্ট্রের কোনো সিস্টেম হতে পারে না। ক্ষমতাবানরা নিজেদের স্বার্থ উদ্ধার করলেও হাজারো সাধারণ মানুষ সেখানে মাথা ঠুকে মরে।”

দেশের শিক্ষা খাতের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদরাসাগুলোর ম্যানেজিং কমিটিতে যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন। সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক প্রভাবকে দায়ী করে তিনি বলেন, হাসপাতালের খাবারের টেন্ডারে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাধারণ রোগীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমাজে মাদক, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা এবং ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িতদের এখনই চিহ্নিত করার সময় এসেছে।

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, শুধু ক্ষমতায় থাকার কারণে কোনো দলের নেতাকর্মীরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না। জনগণকে ভালো ও সৎ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে।

এদিকে এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “দলের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ করা হচ্ছে, তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখানো হয়নি। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক অপপ্রচার।”

সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, এনসিপি নেতা বরকতুল্লাহ ফাহাদ এবং চাটমোহর উপজেলা কমিটির সদস্য সচিব খায়রুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

—জা. অর্থনীতি/এলএটি