Print Date & Time : 07 November 2026 Saturday 03:50 pm

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্ত্রীকে গলা টিপে হত্যা মামলায় স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১১ ডিসেম্বর রাত থেকে ১২ ডিসেম্বর ভোরের মধ্যে আনোয়ার হোসেন নিজ বাড়িতে স্ত্রী ইসমত আরাকে গলা টিপে হত্যা করেন। পরে মরদেহ পার্শ্ববর্তী হুরমুজ আলীর বাড়ির সামনে ফেলে রেখে যান। ঘটনার আগের দিন ভিকটিমের ভাই তাকে বাবার বাড়িতে নিয়ে যেতে চাইলে আসামি বাধা দেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন।

হত্যাকাণ্ডের পরদিন অর্থাৎ ২০১২ সালের ১২ ডিসেম্বর নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় আনোয়ার হোসেনকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলার এজাহার, সাক্ষীদের জবানবন্দি ও ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

—জা. অর্থনীতি/এলএটি