Print Date & Time : 07 November 2026 Saturday 02:58 pm

সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের

image

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। তবে সীমান্তে বিজিবির কড়া অবস্থান ও বাধার মুখে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি জানায়, কালাইরাগ বিওপি-সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ কয়েকজন নারী-পুরুষসহ ৭ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের যেকোনো অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে সীমান্তে বিজিবির নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি