Print Date & Time : 08 November 2026 Sunday 02:12 pm

শাশুড়িকে পুড়িয়ে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন

image

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অপরাধে হাউস আলী নামের এক ব্যক্তিকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান তুহিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আলি মাসুদ শেখ এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হাউস আলী মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আহমদ আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক কলহ ও অত্যাচার সহ্য করতে না পেরে হাউস আলীকে তালাক দেন তার স্ত্রী আম্বিয়া খাতুন। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ৭ মে রাতে শ্বশুরবাড়িতে চড়াও হয় হাউস আলী। সেখানে স্ত্রীকে না পেয়ে তার বৃদ্ধ শাশুড়ি ফুলসুরাতনের (৬৬) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা ফুলসুরাতনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই ঘটনায় নিহতের মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি হাউস আলীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় ঘোষণা করেন। মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

—জা. অর্থনীতি/এলএটি