Print Date & Time : 08 November 2026 Sunday 09:55 am

ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

image

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেণ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এই মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রেনটি চলন্ত অবস্থায় ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ অতিক্রম করার সময় রেলিংয়ের সাথে মাথায় প্রচণ্ড আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

নিহত কিশোরের নাম— নীরব (১২)। সে বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন সাধারণ যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছাদ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বড়াল ব্রিজের রেলিংয়ের সাথে মাথায় আঘাত লাগার কারণেই তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে রেলওয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

—জা. অর্থনীতি/এলএটি