Print Date & Time : 24 October 2026 Saturday 07:39 am

এবার কক্সবাজারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

image

অনলাইন ডেস্ক: টানা ভারী বর্ষণ ও সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম, রাঙামাটি এবং কক্সবাজার জেলায় বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মঙ্গলবার রাতে পৃথক দুটি আদেশে এ সিদ্ধান্ত জানায়।

প্রথম আদেশে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জানানো হয়েছিল, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে পরে বন্যা পরিস্থিতির আরও অবনতির কারণে কক্সবাজার জেলার পরীক্ষাও স্থগিত করে নতুন আদেশ জারি করা হয়।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত জেলার পরীক্ষার্থীদের জন্য পরে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

এদিকে, চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪৩ বছরের মধ্যে জুলাই মাসের এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। একই ধরনের ভারী বর্ষণে রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন এলাকাও প্লাবিত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে।

জা.অর্থনীতি/এসআই