Print Date & Time : 28 October 2026 Wednesday 06:25 am

উখিয়ায় মাটির দেয়াল ধসে একজনের মৃত্যু

image

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় টানা ভারী বর্ষণের কারণে বসতঘরের মাটির দেয়াল ধসে আবদুল মালেক (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার দেয়াল ধসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবারের জন্য সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন— আবদুল মালেক (৪০)। সে পশ্চিম হলদিয়াপালং গ্রামের ছৈয়দুর রহমানের ছেলে। তিনি জামবাগান এলাকায় শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে— দুপুরে ঘরে খাবার খাওয়ার সময় অতিবৃষ্টির কারণে মাটির তৈরি বসতঘরের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আবদুল মালেক। পরে স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে মাটির দেয়ালটি নরম হয়ে ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

 —জা. অর্থনীতি/এলএটি