Print Date & Time : 08 November 2026 Sunday 12:04 am

স্ত্রীকে হত্যার পর মাটিচাপা: ২০ দিন পর মরদেহ উদ্ধার, স্বামী আটক

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দেওয়ার ২০ দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ঘাতক স্বামী আলমগীরকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৌলভীবাজারের পুলিশ সুপার এই তথ্য নিশ্চিত করেন। 

সোমবার (৬ জুলাই) সকালে ঘাতক স্বামীর দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে হত্যার ঘটনা ধামাচাপা দিতে আলমগীর এলাকায় স্ত্রী নিখোঁজের নাটক সাজান। শ্বশুরবাড়ির লোকজন মেয়ের খোঁজ করলে তিনি অস্বীকার করেন এবং নিজের অপরাধ আড়াল করতে নিজেই রাজনগর থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার জানান, চতুর আলমগীর নিজেই থানায় জিডি করতে গেলেও তার কথাবার্তা এবং আচরণে সন্দেহ হওয়ায় রাজনগর থানা পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের জেরা ও কৌশলী জিজ্ঞাসাবাদের মুখে একপর্যায়ে আলমগীর স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

—জা. অর্থনীতি/এলএটি