কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুপ মিয়া (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রুপ মিয়া স্থানীয় একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে চলমান বিরোধের জেরে শ্যামল মিয়া ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। নিহত রুপ মিয়া উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রামের মুতালিব মিয়ার ছেলে এবং গ্রেপ্তার শ্যামল মিয়া একই গ্রামের চন্নু মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পর স্থানীয়রা রুপ মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিবার রাতেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে ইটনা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি