Print Date & Time : 28 October 2026 Wednesday 05:26 am

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

image

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের ওপর পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—অনন্তপুর গ্রামের মো. নুরুল আমীন (৭০), তার স্ত্রী মোছাঃ ফাতেমা খানম (৬০) এবং তাদের ছোট ছেলে মো. ফরহাদ মিয়া (৩০)। তিনি ওই গ্রামের প্রফেসর মো. সোহাগ মিয়ার পিতা, মাতা ও ছোট ভাই।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের স্বজন মোশাহিদ আলম জানান, বিকেলে হঠাৎ বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদের টিনের দোকানের ওপর পড়ে। এ সময় টিনের বেড়ায় হাত দেওয়া মাত্রই ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে প্রথমে তার বাবা এবং পরে তার মা এগিয়ে এলে তিনজনেই ঘটনাস্থলে মারা যান। বিশ্বম্ভরপুর থানার এসআই জসিম উদ্দিন জানান, খবর পেয়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি