Print Date & Time : 26 October 2026 Monday 02:37 pm

বাজেটে কর অব্যাহতি নিয়ে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

image

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পিছিয়ে পড়া ৫৪ শতাংশ বাঙালির জন্য সরকারি চাকরি, শিক্ষা ও ব্যবসায় কোটা সুবিধা এবং বাজারফান্ড এলাকার বন্ধ থাকা ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা।

সোমবার (৬ জুলাই) খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ।

লিখিত বক্তব্যে বলা হয়, চলতি বাজেটে পার্বত্য চট্টগ্রামের সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে আয়কর অব্যাহতির সুবিধা দেওয়া হলেও একই অঞ্চলে বসবাসরত প্রায় ৫৪ শতাংশ বাঙালি জনগোষ্ঠী বৈষম্যের শিকার হচ্ছে। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির পর উপজাতিদের জন্য কোটা, সরকারি বরাদ্দ, এনজিও সহায়তা ও কর অব্যাহতির মতো নানা সুবিধা চালু হলেও সমতাভিত্তিক নীতি অনুসরণ না করায় অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য আরও বেড়েছে। 

এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের বাজারফান্ড এলাকায় ২০১৯ সালের ডিসেম্বর থেকে ব্যাংক ঋণ কার্যক্রম বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সদস্য শাহাদাত হোসেন, এরশাদ হোসেন এবং ছাত্র পরিষদের জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি