Print Date & Time : 08 November 2026 Sunday 12:02 am

তিন সন্তানের উপস্থিতিতে আমির খানের ৩য় বিয়ে সম্পন্ন

image

বিনোদন ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন জীবনে পা রাখলেন বলিউড সুপারস্টার আমির খান। দুই বছরেরও বেশি সময় প্রেমের পর প্রেমিকা গৌরি স্প্রাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনে ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্যদের উপস্তিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

পারিবারিক সূত্রে জানা গেছে, এই বিয়েতে আমিরের তিন সন্তান এবং গৌরীর একমাত্র পুত্র উপস্থিত ছিলেন। এটি আমির খানের তৃতীয় বিয়ে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আমির খান ও গৌরী স্প্র্যাট ইতিমধ্যে বিয়ের আইনি কাগজপত্র ও রেজিস্ট্রি সম্পন্ন করেছেন। বিয়ের বিষয়টি নিশ্চিত করার পর অভিনেতার জনসংযোগ (পিআর) এজেন্সির পক্ষ থেকে নবদম্পতির প্রথম ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। 

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভালোবাসা, হাসি এবং লালিত মুহূর্তের এক উদ্‌যাপন। আমির খানের বিয়ের উৎসবে চোখ রাখুন—যা উষ্ণতা, আনন্দ এবং একটি স্মরণীয় উদ্‌যাপনের জাদুতে ভরপুর।’ 

আমির খান ও ফ্যাশন জগতের পরিচিত মুখ গৌরী স্প্র্যাটের প্রথম আলাপ ২৫ বছর আগে হলেও, গত দুই বছর ধরে তারা সম্পর্কে জড়ান। চলতি বছরের ৪ জুন আমির খান নিজেই গৌরী স্প্র্যাটের সঙ্গে তার বিয়ের খবর প্রথম নিশ্চিত করেছিলেন। 

চলতি বছরের মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রথমবারের মতো গৌরীকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। সে সময় তিনি রসিকতা করে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা চলচ্চিত্র ‘লাগান’-এর চরিত্র ভুবনের কথা টেনে বলেন, ‘ভুবন অবশেষে তার গৌরীকে খুঁজে পেয়েছে।’ 

প্রসঙ্গত, লাগান চলচ্চিত্রে গ্রেসি সিং অভিনীত চরিত্রটির নাম ছিল গৌরী, যে ভুবনের প্রেমে পড়েছিল। 

ষাট বছর বয়সে বিয়ে করা প্রসঙ্গে আমির খান তখন বলেছিলেন, ‘আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে করাটা আমাকে মানায় কি না। তবে, আমার সন্তানেরা এতে অত্যন্ত খুশি।’ 

উল্লেখ্য, আমির খানের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র প্রযোজক রিনা দত্ত। এই দাম্পত্যে তাদের দুই সন্তান রয়েছে— জুনায়েদ ও ইরা খান। ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে এই দম্পতির বিচ্ছেদ ঘটলেও, তারা যৌথভাবে তাদের পুত্র আজাদ রাও খানের অভিভাবকত্ব পালন করছেন। 

গৌরীরও আগের পক্ষের একটি ছয় বছর বয়সী পুত্রসন্তান রয়েছে, যাকে সাধারণত প্রচারমাধ্যমের আলো থেকে দূরে রাখা হয়। 

বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও বিদেশ থেকে আসা আত্মীয়সহ প্রায় ১৫০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন। 

কে এই গৌরী স্প্র্যাট? 
গৌরী স্প্র্যাটের আদি নিবাস ভারতের বেঙ্গালুরুতে। তার মা রিতা স্প্র্যাট বেঙ্গালুরুতে একটি নামকরা সেলুন পরিচালনা করতেন। গৌরীর পড়াশোনা নীলগিরির ‘ব্লু মাউন্টেন স্কুল’-এ। 

পরবর্তীতে তিনি লন্ডন ইউনিভার্সিটি অব আর্টস থেকে ২০০৪ সালে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর উচ্চতর কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে ‘বিব্লান্ট’ সেলুন চেইনের একটি শাখা পরিচালনা করছেন। এ ছাড়া, চলচ্চিত্র নির্মাণের নেপথ্য কাজের (প্রোডাকশন) সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন। 

—জা. অর্থনীতি/এনএ