বরিশাল প্রতিনিধি: কীর্তনখোলা, কালাবদর ও আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙন থেকে রক্ষা পেতে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসী। যুগ যুগ ধরে চলা এই ভাঙনে শত শত পরিবার নিঃস্ব এবং হাজার হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে জানান ভুক্তভোগীরা।
শনিবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে ‘আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে এই ঘণ্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে চলা নদী ভাঙনে এই অঞ্চলের মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। বিশেষ করে বর্তমান বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা বহুগুণ বেড়ে গেছে, যার ফলে ফসলি জমি ও বসতভিটা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। ভাঙন কবলিত অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তারা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানান। একই সাথে স্থায়ী সমাধান নিশ্চিত করে প্রধানমন্ত্রীকে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করারও আহ্বান জানান বক্তারা।
—জা. অর্থনীতি/এলএটি