গোপালগঞ্জ প্রতিনিধি: জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অসামান্য অবদানকে স্মরণ করে গোপালগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হওয়া এ কর্মসূচির ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপির সভাপতিত্বে সকল জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
এ উপলক্ষে সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে বিকাল ৪টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
—জা. অর্থনীতি/এলএটি