Print Date & Time : 08 November 2026 Sunday 06:35 am

বাগেরহাটে ২৬ মামলার আসামি মনির ৩ সহযোগীসহ গ্রেপ্তার

image

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট মনির শেখ ওরফে মনি শেখসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার তার দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত বুধবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় ডিবি পুলিশের একটি দল এই সফল অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ২৬টি মাদক মামলার আসামি ও মাদক সম্রাট মনির শেখ (৪৭), তার সহযোগী সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম ওরফে শেখ তামীম (২০)।

অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে ৪ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করে। এই ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার মনির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতোমধ্যে ২৬টি মামলা এবং একটি গ্রেপ্তারি পরোয়ানা ঝুলে রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরও জানান, গত সাত দিনে বাগেরহাট জেলায় পরিচালিত ধারাবাহিক অভিযানে মোট ৪০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে এই অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও নিশ্চিত করেন পুলিশ সুপার।

—জা. অর্থনীতি/এলএটি