Print Date & Time : 08 November 2026 Sunday 10:53 am

একই প্রশ্নপত্রে আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

image

শিক্ষা ডেস্ক: সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হতে যাওয়া এ পরীক্ষায় এবারই প্রথম দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশ্নফাঁস ঠেকাতে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। তবে সব বোর্ডে একই মানদণ্ড বজায় রেখে উত্তরপত্র মূল্যায়ন করা এবং প্রশ্নফাঁস পুরোপুরি প্রতিরোধ করাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন শিক্ষাবিদরা।

এবারে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন, যা গতবারের চেয়ে ১৯ হাজার ৪৭২ জন বেশি। যার মধ্যে- সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা ও কারিগরি বোর্ডের ২ লাখ ৮৬৯ জন। পরীক্ষা শুরু ২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার), বাংলা প্রথম পত্রের মাধ্যমে। এবারে মোট পরীক্ষা কেন্দ্র ২ হাজার ৯৯৭টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৪৫টি, যার মধ্যে ৪০টিই রাজধানী ঢাকায়।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশ্নপত্র বিতরণ, খাতা সংরক্ষণ, পরীক্ষাকেন্দ্রে অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার এবং শৌচাগার তল্লাশিসহ ৩৫ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরপরও যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়, তবে তাৎক্ষণিকভাবে সারা দেশে ওই দিনের পরীক্ষা স্থগিত করে পরবর্তীতে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

এদিকে নকলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। তিনি জানান, কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের প্রমাণ পাওয়া গেলে বা কেউ নকলসহ ধরা পড়লে শুধু সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধেই নয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এবারের এইচএসসি’র লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে সব বোর্ডের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

জা.অর্থনীতি/এসআই