Print Date & Time : 07 November 2026 Saturday 11:47 am

মাদক কান্ডে অফিসার ইনচার্জ ক্লোজ

image

কুমিল্লা প্রতিনিধি: উদ্ধারকৃত ১৬০ কেজি গাঁজা মাদক কারবারিদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিকে ক্লোজড করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম ওসি আব্দুল বারিকে পুলিশ লাইন্সে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তাকে কুমিল্লা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দাউদকান্দি থানার সদ্য বিদায়ী ওসি আব্দুল বারি তার ক্লোজড হওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুন শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করেন নাইট ডিউটিতে থাকা এসআই মো. ইমাম উদ্দিন ও এএসআই হাফিজুর রহমান। কিন্তু সেই গাঁজা থানায় জব্দ না দেখিয়ে, ওসির নেতৃত্বে ওই রাতেই মাদক কারবারিদের কাছে প্রতি কেজি ৬ হাজার টাকা দরে বিক্রি করে দেওয়া হয়। একই সঙ্গে কাভার্ডভ্যান চালকের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়ারও অভিযোগ ওঠে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশে তোলপাড় সৃষ্টি হয়। অবশ্য অভিযুক্ত এসআই ইমাম উদ্দিন ও এএসআই হাফিজুর রহমান এই ঘটনায় তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

—জা. অর্থনীতি/এলএটি