চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে তারা। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম এই তথ্য চিশ্চিত করেন।
রোববার (২৮ জুন) গভীর রাতে উপজেলার সাচার ইউনিয়নের বেরকুটা গ্রামের মিয়াজী বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ওই গ্রামের মৃত সাদেক মিয়াজীর স্ত্রী। তার স্বামী সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, রাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল সিঁধ কেটে ফাতেমা বেগমের বসতঘরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, টের পেয়ে ডাকাতদের বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে ফাতেমাকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। নিহতের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি