Print Date & Time : 23 October 2026 Friday 03:24 pm

আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা নিকট অতীতে ছিল না : রুমিন ফারহানা

image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দেশের অর্থনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি না হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য এর পরিণতি অত্যন্ত দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, “বাংলাদেশে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, নিকট অতীতে তা কখনো ছিল না।”

শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “নতুন অর্থবছরের যে বাজেট দেওয়া হয়েছে, তা বিশ্লেষণ করে আমি সংসদেও কথা বলেছি। এই বাজেট কতটুকু বাস্তবায়নযোগ্য, তা নিয়ে একটি বড় প্রশ্ন রয়ে গেছে।”

সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সমালোচনা করে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক দিক বিবেচনা করে মনে হয়, সরকারের মাত্র দুজন মন্ত্রীর ঘাড়েই দেশের পঞ্চাশ শতাংশ দায়িত্ব—অর্থ এবং স্বরাষ্ট্র। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য সকল মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আগ্রহ, উৎসাহ এবং অতি-তৎপরতা দেখা যায়, সেই তৎপরতা যদি তিনি নিজের মন্ত্রণালয়ে দেখাতেন, তবে দেশবাসী উপকৃত হতো।”

এ সময় স্থানীয় পর্যায়ে মামলা-হামলার রাজনীতির তীব্র সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, “দেশে এখন আবার ‘শোন অ্যারেস্ট’ (নজরবন্দি বা এক মামলায় জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার)-এর কালচার শুরু হয়েছে। একটি মামলায় জামিন নেওয়ার সাথে সাথেই আরেকটি নতুন মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি এলাকায় কিছু সুযোগসন্ধানী মানুষ এখন মামলার ব্যবসা শুরু করেছে। এই বিষয়টি আমি সংসদেও তুলেছি এবং সরকারসহ স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলব বিষয়টি খতিয়ে দেখতে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “মনে রাখবেন, ‘নাথিং গোজ আননোটিসড অ্যান্ড আনপানিশড’ (কোনো কিছুই অলক্ষিত এবং শাস্তিহীন থাকে না)। আজকে আপনারা যা করছেন, তার জন্য একদিন আপনাদেরও কাঠগড়ায় দাঁড়াতে হবে।”

সড়ক পরিদর্শনকালে তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট প্রকৌশলী এবং এলাকার সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি