Print Date & Time : 24 October 2026 Saturday 08:01 am

সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে কুলাউড়ায় সারজিস-পাটওয়ারী

image

মৌলভীবাজার প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়া সফর করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার (২৬ জুন) তারা সমাবেশ, মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে অংশ নেন।

সকালে কুলাউড়ায় পৌঁছান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাদের সঙ্গে ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী।

এনসিপির কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর জানান, কেন্দ্রীয় নেতারা প্রথমে রবিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

পরে বিকেল ৪টায় শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট এলাকায় সম্প্রতি সীমান্তে বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নেন তারা। সমাবেশ থেকে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে সরকারের কঠোর কূটনৈতিক পদক্ষেপ দাবি করা হয়।

সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলা অডিটরিয়ামে এনসিপির উদ্যোগে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের এনসিপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও অংশ নেন।

এনসিপির নেতারা জানিয়েছেন, সফরে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।

—জা. অর্থনীতি/এনজে