চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে দলের একাশেংর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুইপাশেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
এতে চাঁদপুর থেকে চাঁদপুর-কুমিল্লা, চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর, কুমিল্লা থেকে চাঁদপুর ও ঢাকা থেকে চাঁদপুরগামী দূরপাল্লার এবং স্থানীয়ভাবে চলাচলকারী কয়েকশ যাত্রী ও মালবাহী পরিবহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।
বিক্ষোভে বক্তব্য রাখেন- নবগঠিত উপজেলা কমিটির সহ-সভাপতি হান্নান তালুকদার, সাখাওয়াত সরকার, পদবঞ্চিত ছাত্রনেতা কাজি শাহাদাত ও বোরহান মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি গঠিত নতুন কমিটিকে ঘিরে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
তাদের দাবি, কমিটিতে অন্তর্ভুক্ত অনেককে ছাত্রদল নেতাকর্মীরা চেনেন না এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাদের কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না।
এর আগে গত ২২ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চাঁদপুর জেলা কমিটি কর্তৃক হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করেন। এতে মো. ফয়সাল হোসেনকে সভাপতি ও মো. জুয়েল রানা তালুকদারকে সাধারণ সম্পাদক করে ১১৩ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়।
এছাড়া দ্বীন ইসলাম টগরকে সভাপতি ও মো. ইকবাল হোসেন মিয়াজীকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট হাজীগঞ্জ পৌর ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়।
এদিকে নতুন কমিটি ঘোষণার পরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন উপজেলা ও পৌর ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।
তাদের দাবি, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এবং যোগ্যতা যাচাই-বাছাই ছাড়াই কমিটি গঠন করা হয়েছে। তাই অবিলম্বে এ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা।
—জা. অর্থনীতি/এনজে