Print Date & Time : 28 October 2026 Wednesday 07:20 am

গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়ে সাংবাদিকতার প্রশিক্ষণ শেষ

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের অপতথ্য ও গুজব রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে এই কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত মঙ্গলবার (২৩ জুন) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছিল।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব। পিআইবি-এর প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক সাইদুর রহমান, জুলহাস কবীরসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুল ইসলাম হাবিব বলেন, "বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকদের কাজের পরিধি ও চ্যালেঞ্জ দুই-ই বেড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের কোনো বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।" তিনি জনস্বার্থে সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর জোর দেন।

সভাপতির বক্তব্যে সাহানোয়ার সাঈদ শাহীন বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মাল্টিমিডিয়া এখন বিশ্বজুড়ে সাংবাদিকতার ধরন বদলে দিচ্ছে। মফস্বল পর্যায়ের সাংবাদিকেরাও যাতে এই বৈশ্বিক দৌড়ে পিছিয়ে না পড়েন, সেই লক্ষ্যেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।"

উল্লেখ্য, সাতক্ষীরা প্রেসক্লাব ও জেলার বিভিন্ন উপজেলার মোট ৭০ জন সাংবাদিক এই কর্মশালায় অংশ নেন। তিন দিনব্যাপী এই আয়োজনে সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশলের ওপর বাস্তবমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দেন।

—জা. অর্থনীতি/এলএটি