পাবনা প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পাবনা জেলা কার্যালয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৫-২৬ অর্থবছরের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই মেলায় তাৎক্ষণিকভাবে ১৫ জন চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বিসিক জেলা কার্যালয় পাবনার উপমহাব্যবস্থাপক শামীম হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সততা ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী আবিদ হাসান দুলাল, নিডি ফুডের স্বত্বাধিকারী জহুরুল ইসলাম বাচ্চু, মা টুইস্টিং মিলের শাকিল হোসেন, এ আর স্পেশালাইজড অটো রাইস মিলের জিএম কায়সার আহমেদসহ স্থানীয় শিল্পমালিক, শিল্পনগরী কর্মকর্তা ও সম্প্রসারণ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বিসিকের মোট ১৬টি ব্যাচের ৩২০ জন সফল প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “দেশে প্রতিবছর প্রায় ১৫ লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করছে। এই বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশীর জন্য শিল্প প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।” তিনি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে বিসিকের দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এই জব ফেয়ারে মোট ১০টি স্বনামধন্য নিয়োগকারী প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী চলা এই মেলায় প্রায় ৭০০টি চাকরির আবেদন জমা পড়ে, যা থেকে যাচাই-বাছাই শেষে যোগ্য ১৫ জনকে অনুষ্ঠানস্থলেই সরাসরি নিয়োগপত্র হস্তান্তর করা হয়।
—জা. অর্থনীতি/এলএটি