Print Date & Time : 28 October 2026 Wednesday 05:32 am

পিআইবি'র উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকিং ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিষয়ক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের সেশন সম্পন্ন হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। 

বুধবার (২৪ জুন) শহরের ম্যানগ্রোভ সভা কক্ষে প্রশিক্ষণের এই দ্বিতীয় দিনের সেশনটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ও সংশ্লিষ্ট ব্যক্তিরা হলেন— প্রধান প্রশিক্ষক ও দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, পিআইবি'র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

আয়োজক সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনের সেশনে বর্তমান সময়ের সাংবাদিকতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধুনিক কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় স্থানীয় রিপোর্ট তৈরি, এআই যোগাযোগ কৌশল, গুজব ও অপতথ্য নির্মূল কৌশল, ইন্টারভিউ ফ্রেমিং, রাজনৈতিক রিপোর্টে ফ্যাক্ট চেক এবং সোশ্যাল মিডিয়া রিপোর্টিং ইত্যাদি বিষয়সমূহ প্রধান্য পায়। তিন দিনব্যাপী চলমান এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নিচ্ছেন।

সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও পিআইবি কর্মকর্তারা জানান, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

—জা. অর্থনীতি/এলএটি