Print Date & Time : 28 October 2026 Wednesday 05:30 am

‘মোহাম্মদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে’

image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিগত দিনে আমি নিজে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় ৪৮ ঘণ্টার মধ্যে সেই সিসি ক্যামেরাই চুরি হয়ে গেছে।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের নিয়ে উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

এ সময় এলাকার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, নিরাপত্তায় টহল বাড়ানোর চেষ্টা করছি। নিরাপত্তা আরও উন্নত হওয়া দরকার। আমার সহকর্মী নুর ইসলাম আক্রমণের শিকার হয়েছেন নিরাপত্তার অভাবেই। আমরা কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করতে চাই। দ্রুত কমিটি দেওয়া হবে। কোনো ধরনের আগ্রাসন, চাঁদাবাজ এখানে থাকবে না।

তিনি জানান, এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে, তবে পরিস্থিতির স্থায়ী উন্নতির জন্য এই ব্যবস্থার আরও আধুনিকায়ন ও উন্নয়ন প্রয়োজন।

ববি হাজ্জাজ আরও বলেন, গ্যাসের সমস্যা পুরো বাংলাদেশেই আছে। তবে গ্যাস সাপ্লাই অফিশিয়ালি যেসব জায়গায় বরাদ্দ দেওয়া, সেখানে যথাসময়ে গ্যাস পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আগামী দেড় দুবছরের মধ্যে পুরো ঢাকায় গ্যাস লাইন সংযোগ দেওয়ার জন্য কাজ চলছে।

উন্মুক্ত এই সভায় ঢাকা-১৩ আসনের বিভিন্ন স্তরের নাগরিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং তারা নিজ নিজ এলাকার সমস্যাগুলো সরাসরি প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।

—জা. অর্থনীতি/এনজে