Print Date & Time : 28 October 2026 Wednesday 07:20 am

বিমানবন্দরে তৃণমূল-বিজেপি সমর্থকদের সংঘর্ষ

image

আন্তর্জাতিক ডেস্ক: তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষকে ঘিরে কলকাতা বিমানবন্দরের বাইরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ জুন) রাতে তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বিমানে কলকাতা ফেরার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় এমন পরিস্থিতির।

জানা যায়, দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত জানাতে কলকাতা বিমানবিন্দরে হাজির হয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাদের অভিযোগ, অভিষেকের দিল্লি থেকে রওনা দেওয়ার খবর পাওয়া মাত্র ডিম ও আম নিয়ে কলকাতা বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। কিছুক্ষণের মধ্যেই দু’পক্ষের ধস্তাধস্তি বেঁধে হয়। সেখান থেকে হাতাহাতি।

মূলত অভিষেকের ওপর চড়াও হওয়ার জন্যই বিমানবন্দরের গেটের বাইরে উপস্থিত হন বিজেপি কর্মী-সমর্থকরা। অন্যদিকে, পালটা ভিড় জমান তৃণমূল কর্মীরাও। দু’পক্ষের মধ্যে এরপরেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে ঝামেলা এড়াতে বিমানবন্দরের অন্য গেট দিয়ে বের করা হয় অভিষেককে।

এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের এক্স হ্যান্ডেলে ঘটনার ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, তাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে খুনের চেষ্টার পরিকল্পনা করেছিল ‘বিজেপির গুন্ডারা।’ তবে বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

—জা. অর্থনীতি/এএইচএ