চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের মুখোমুখি ধাক্কায় হাবিবুর রহমান (৪০) নামে এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের মাজিলা গ্রামের আলী আকবর হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে ফিরছিলেন। পথে কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা 'আসাদ এগ্রোটেক লিমিটেড'-এর একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে আলমডাঙ্গার জগন্নাথপুর এলাকায় ট্রাকটি আটকে চালক ও হেলপারকে গণপিটুনি দেয়। তবে পরে সুযোগ বুঝে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি