Print Date & Time : 08 November 2026 Sunday 08:30 pm

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে নিজস্ব অর্থায়নে

image

নীলফামারী প্রতিনিধি: পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পদ্মা সেতুর মতোই এই প্রকল্পও দৃশ্যমান হবে এবং এর কাজ শুরু হবে।

শুক্রবার (১৯ জুন) নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা এবং নদী ভাঙনকবলিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর প্রকল্পটি দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিস্তা মহাপরিকল্পনা শুধু উত্তরাঞ্চলের জন্য নয়, সমগ্র দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। নির্বাচনের আগে তিস্তা আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ অঞ্চলের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়ন শুরু হয়েছে।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে। খুব দ্রুত বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়ন শেষ করে প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে।

এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য হাসান রাজীব প্রধান ও রোকনউদ্দিন বাবুল এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা.অর্থনীতি/আইবিএম