সাতক্ষীরা প্রতিনিধি: বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতার হাত থেকে জেলাকে রক্ষায় এখনই সমগ্র খালের নেটপাটা ও অবৈধ বাঁধ অপসারণসহ পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বুধবার (১৭ জুন) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ আয়োজিত এক নাগরিক সংলাপে বক্তারা এ দাবি জানান।
গ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অর্ণব দত্ত।
সংলাপে ধারণা পত্র পাঠ করেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান। এছাড়া বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, বারসিকের নগরবিদ জাহাঙ্গীর আলম, সাংবাদিক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল এবং গ্রীন কোয়ালিশনের যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইনসহ অনেকে।
সংলাপে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছর জলাবদ্ধতা শুরু হওয়ার দীর্ঘ ৩ মাস পর প্রশাসন ঘেরের বাঁধ কেটে পানি সরানোর ব্যবস্থা করেছিল। আমরা এবার সেই 'দেরিতে ঘুম ভাঙা' উদ্যোগ দেখতে চাই না। জরুরি ভিত্তিতে সাতক্ষীরা পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার আন্তঃসংযোগ পরিষ্কার করা, প্রাণসায়ের খালের দুই মুখ উন্মুক্ত করা এবং বেতনা পাড়ের ১০টি বিলের অপরিকল্পিত ঘেরের বেড়িবাঁধ এখনই কেটে দিয়ে পানি নিষ্কাশনের পথ সচল করার দাবি জানান তারা।
অনুষ্ঠানে পৌর এলাকাকে সমন্বিত ড্রেনেজ নেটওয়ার্কের আওতায় আনা, বাণিজ্যিক মৎস্য ঘের বন্ধ করা ও আউট ড্রেন বাধ্যতামূলক করা, নদী-নালা দখলমুক্ত করা এবং সরকারি প্রকল্প জলবায়ু সহনশীল করাসহ ৭ দফা সুপারিশ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সদর ইউএনও অর্ণব দত্ত জলাবদ্ধতার বিপর্যয় এড়াতে পানি উন্নয়ন বোর্ড ও পৌর কর্তৃপক্ষকে সাথে নিয়ে সমন্বিত ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করার আশ্বাস দেন।
—জা. অর্থনীতি/এলএটি