Print Date & Time : 07 November 2026 Saturday 10:50 pm

কানাডায় মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

image

বিনোদন ডেস্ক: শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের এবারের আসর। বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে বসেছিলো ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আসর। আর সেই জমকালো মঞ্চে নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়কে সঙ্গে নিয়ে অফিশিয়াল অ্যান্থেম গেয়ে পুরো গ্যালারি মাতিয়েছেন শাকিরা। এবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের কানাডা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার (১২ জুন) পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব। 

এদিন কানাডার স্থানীয় সময় দুপুরের পর বর্ণাঢ্য এই অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে সঞ্জয় নিজেই এই কথা জানান। 

টরন্টোর বিএমও ফিল্ডে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচের আগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জমকালো এই মঞ্চে সঞ্জয়ের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন কানাডীয় সংগীত ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিম। 

এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত তারকা মাইকেল বুবল ও অ্যালানিস মরিসেট। এ ছাড়া, পারফর্মারদের তালিকায় আরও রয়েছেন অ্যালিসিয়া কারা, জেসি রেয়েজ, উইলিয়াম প্রিন্স ও ইলিয়েনা। 

বিশ্বকাপের মতো এত বড় এবং মর্যাদাপূর্ণ মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত সঞ্জয় দেব। অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই শিল্পী জানান, বিশ্বমঞ্চের এই আয়োজনে অংশ নেওয়ার বিষয়টি তার কাছে একদম 'স্বপ্নের মতো' এবং 'অবিশ্বাস্য' মনে হচ্ছে। 

উল্লেখ্য, এবারের বিশ্বকাপ আসর উপলক্ষে সঞ্জয় ‘সির সির’ গানে ডিজে হিসেবে পারফর্ম করেছেন, যা শ্রোতামহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। 

—জা. অর্থনীতি/এনএ