Print Date & Time : 24 October 2026 Saturday 03:00 am

সোনা ও স্বর্ণালংকার কেনায় কমবে খরচ

image

জাতীয় অর্থনীতি ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনা ও স্বর্ণালংকারের কেনাবেচায় বিদ্যমান ভ্যাট কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে যে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) আরোপ করা হয়, তা বাতিল করে ভরিপ্রতি নির্দিষ্ট ৫ হাজার টাকা ভ্যাট নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে ক্রেতাদের জন্য সোনার গহনা কেনার ব্যয় কিছুটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। এর আগে সকালে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আসন্ন অর্থবছরের জন্য সরকারের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। এ বাজেট বাস্তবায়নের জন্য রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। 

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।

—জা. অর্থনীতি/এআইই