Print Date & Time : 07 November 2026 Saturday 06:33 pm

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আসিফ আটক

image

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ খান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) গভীর রাতে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের লালাদীঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

আটক আসিফ খান লালাদীঘির পাড় এলাকার সেলিম খানের ছেলে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হামলায় দায়ের করা দুই মামলার এজাহারভুক্ত আসামি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, আসিফের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় দায়ের করা দুটি মামলায় আসিফ খান এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে তার নিজ এলাকা থেকে আটক করে।

ওসি মো. মামুন উল ইসলাম বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত দুই মামলার এজাহারভুক্ত আসামি আসিফ খানকে বিশেষ অভিযানে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।"

—জা. অর্থনীতি/এলএটি