ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার (৮ জুন) সকালে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া সীমান্ত এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তেও সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সন্দেহভাজন চলাচল ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সজাগ রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত জেলার কোনো সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা ঘটেনি। সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার বা চোরাচালান সংঘটিত না হতে পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
—জা. অর্থনীতি/এলএটি