Print Date & Time : 24 October 2026 Saturday 12:50 pm

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে দিনেদুপুরে প্রকাশ্যে লোকমান হোসেন (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ২টা ৩ মিনিটের দিকে (ফুটেজের সময় অনুযায়ী) হঠাৎ পথচারীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। মূলত রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বাসের আড়ালেই ছিনতাই ও গুলির ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, ব্যবসায়ী লোকমান হোসেন শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার সঙ্গে থাকা ১৭ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ওই ব্যবসায়ীর হাতে একটি এবং হাঁটুতে দুটি গুলি লেগেছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুষ্কৃতকারী এই হামলায় অংশ নেয়। ঘটনার পর জড়িতদের ধরতে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। গোয়েন্দা সূত্রের প্রাথমিক ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত ছিনতাই এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি