Print Date & Time : 08 November 2026 Sunday 05:41 am

জাবির উপ-উপাচার্য পদে ড. নজরুল ইসলাম ও ড. শামছুল আলম

image

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) ও উপ-উপাচার্য (শিক্ষা) পদে নতুন করে দুই অধ্যাপককে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ জারি করা হয়েছে। শনিবার (৬ জুন) প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলমকে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা অবসরের বয়সসীমা পূর্ণ হওয়া—যেটি আগে হবে, ততদিন পর্যন্ত তারা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার শর্তও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, "এত বড় দায়িত্বে আমাকে নিয়োজিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সততার সাথে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো।"

অপরদিকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়ে অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, "প্রথমেই মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়কে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বাড়াতে আমি সবার সহযোগিতা কামনা করছি।"

নতুন দুই উপ-উপাচার্যের নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি