Print Date & Time : 08 November 2026 Sunday 12:20 am

২ আইসক্রিম কারখানায় অর্ধলক্ষ টাকা জরিমানা

image

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজার এবং ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চৌরাস্তা এলাকায় অবস্থিত আইসক্রিম প্রস্তুতকারী কারখানায় অভিযান পরিচালনা চালিয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় ঝিনাইদহ-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।

ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঝিনাইদহ এর পক্ষে অভিযানের সার্বিক সমন্বয় করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সাধন সরকার।

অভিযান পরিচালনাকালে কারখানাটিতে অনুমোদনহীন রং, বিশেষ করে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবুজ ও কমলা রঙের বিভিন্ন বোতল, শিশুখাদ্য হিসেবে বহুল ব্যবহৃত আইসক্রিম তৈরিতে ব্যবহৃত নোংরা ও ফাঙ্গাসযুক্ত বাদামের গুঁড়া, নোংরা পানি, দুধের মধ্যে তেলাপোকা ও মাছির উপস্থিতি, ফ্রিজে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ, পচা ও দুর্গন্ধযুক্ত আইসক্রিম, পণ্যের মেয়াদহীন মোড়কীকরণ, লেমন ফ্লেভার, সাইট্রিক অ্যাসিড এবং আইসক্রিম ঘন করার জন্য ব্যবহৃত এক ধরনের অজ্ঞাত পাউডার পাওয়া যায়।

উদ্ধারকৃত উপাদানসমূহ শিশুস্বাস্থ্যসহ সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব উপাদান কিডনি, লিভার ও হৃদযন্ত্রের ক্ষতিসহ বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে।

অভিযানকালে কারখানার প্রায় ১০টি ফ্রিজে সংরক্ষিত বিপুল পরিমাণ আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫০ হাজার টাকা এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসন, ঝিনাইদহ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মচারীদের পাশাপাশি পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।

—জা. অর্থনীতি/এনজে