Print Date & Time : 07 November 2026 Saturday 11:22 am

গুচ্ছের মেধা তালিকা প্রকাশ, ভর্তি ১০ জুনের মধ্যে

image

ইবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত (জিএসটি) ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রথম পর্যায়ের মেধা তালিকা ও বিষয় বরাদ্দ (সাবজেক্ট চয়েস) প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ জুন দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে নির্ধারিত ৫ হাজার টাকা পরিশোধ করে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে।

এছাড়া প্রাথমিক ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীদের আগামী ৮ জুন থেকে ১১ জুনের মধ্যে (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্রসহ (মার্কশিট) প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। কাগজপত্র জমা দেওয়ার সময় আবেদনকারীকে অবশ্যই তার জিএসটি রোল নম্বর উল্লেখ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মাইগ্রেশন প্রক্রিয়া চালু থাকাকালে কোনো শিক্ষার্থী নির্দিষ্ট বিভাগে তার ভর্তি চূড়ান্ত বা মাইগ্রেশন বন্ধ (স্টপ মাইগ্রেশন) করলে, তিনি পুনরায় স্বয়ংক্রিয় মাইগ্রেশনের সুযোগ পাবেন না। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এবং অনলাইন ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী, প্রথম মেধা তালিকায় কোনো বিশ্ববিদ্যালয়ে মনোনীত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে, সংশ্লিষ্ট শিক্ষার্থী পরবর্তীতে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না।

একইভাবে, একবার প্রাথমিক ভর্তি বাতিল করলেও তিনি পরবর্তীতে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না।

—জা. অর্থনীতি/এলএটি