স্পোর্টস ডেস্ক: ইবোলা সংক্রমণ নিয়ে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় বিশ্বকাপের আগে স্পেনে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে। আগামী ৯ জুন স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর লা লিনেয়া দে লা কনসেপসিওনে চিলির বিপক্ষে ম্যাচটি খেলার কথা ছিল কঙ্গোর। তবে শহরের মেয়র হুয়ান ফ্রাঙ্কো ম্যাচ আয়োজন নিষিদ্ধ করে ডিক্রি জারি করেছেন।
মেয়র জানিয়েছেন, সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। আন্দালুসিয়ার আঞ্চলিক স্বাস্থ্য বিভাগের সুপারিশ অনুসরণ করেই ম্যাচটি বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। জিব্রাল্টার সীমান্তের কাছে অবস্থিত লা লিনেয়ার জনসংখ্যা প্রায় ৬৫ হাজার।
ফ্রাঙ্কো আরও জানান, পৌরসভার স্বাস্থ্যসেবা বিভাগের প্রধানও ম্যাচ আয়োজনের বিপক্ষে মত দিয়েছেন। তার দেওয়া প্রতিবেদনে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির কারণে কঙ্গো ও চিলির ম্যাচ আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়।
কঙ্গো ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে। তখন তারা খেলেছিল জায়ার নামে। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে বুধবার বেলজিয়ামের লিয়েজে ডেনমার্কের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে দলটির।
দেশে ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কঙ্গো নিজেদের পরিকল্পিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করে। এরপর থেকে দলটি বেলজিয়ামেই অবস্থান করছে। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপের আয়োজক দেশগুলোর দেওয়া স্বাস্থ্যবিধি ও প্রটোকল মেনে চলছে তারা।
মে মাসের মাঝামাঝি কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা সংক্রমণের ঘোষণা দেওয়া হয়। অত্যন্ত সংক্রামক এই রক্তক্ষরণজনিত জ্বরের কারণে বিশ্বকাপের আগে দলটির ভ্রমণ পরিকল্পনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইবোলা মোকাবিলায় কঙ্গোতে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীনchina-medical-team
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ২২ মে জানায়, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে কঙ্গো দলকে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে। ২০২৬ বিশ্বকাপ হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আয়োজক কানাডা ও মেক্সিকো।
বিশ্বকাপ চলাকালে কঙ্গোর বেস ক্যাম্প হওয়ার কথা যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে। গ্রুপ কে-তে তাদের প্রথম ম্যাচ ১৭ জুন পর্তুগালের বিপক্ষে, হিউস্টনেই।
এরপর ২৪ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়ার বিপক্ষে খেলবে কঙ্গো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন যুক্তরাষ্ট্রের আটলান্টায় তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান।
—জা. অর্থনীতি/এএইচএ